অভিনেতা রাম চরণের ৩৪তম জন্মদিন আজ। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই অবশ্য তা বোঝা যাচ্ছে। কারণ, সোশ্যাল মিডিয়ায় ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন তিনি।
দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সবচাইতে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা রাম চরণ। ‘মাগাধিরা’ সিনেমার এই অভিনেতার জন্মদিনকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন ট্রেন্ড। তার ভক্তরা ‘#এইচবিডিরামচরণ’ লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। এতে দেখা গেছে, টুইটারে ভারতের ‘মোস্ট ট্রেন্ডিং টপিক’ এর দ্বিতীয় স্থানে আছে এই ট্রেন্ড। এতেই বোঝা যাচ্ছে ভারতে রাম চরণের অসংখ্য ভক্ত।
২০০৭ সালে ‘চিরুথা’ সিনেমা দিয়ে অভিষেক হয় রাম চরণের। প্রথম ছবিই ব্যবসা সফল। এরপর একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন এই তারকা। বর্তমানে এস.এস. রাজামৌলীর ‘আরআরআর’ ছবির কাজ করছেন তিনি। ছবিতে রাম চরণ ছাড়াও আছেন এনটিআর জুনিয়র, আলিয়া ভাট ও অজয় দেবগন।









