লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে হশাতাপূর্ণ গোলশূন্য ড্রয়ের রাতে রিয়ালের হতাশা আরও বাড়িয়েছেন সার্জিও রামোস। লা লিগার ইতিহাসে এদিন দুর্নামের রেকর্ড গড়েছেন রিয়াল অধিনায়ক। সর্বোচ্চবার লাল কার্ড দেখার রেকর্ড গড়েছেন তিনি। লা লিগায় এ নিয়ে ১৯ বার লাল কার্ড দেখলেন রামোস।
প্রথমার্ধেই একবার হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করা হয়েছিল রামোসকে। খেলা শেষ হওয়ার আগমুহূর্তে ৮৪ মিনিটের মাথায় দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখেন রিয়াল অধিনায়ক। মাঠ ছেড়েছেন দুই হলুদে লাল কার্ড দেখে।
লা লিগায় এটি তার ১৯তম লাল কার্ড। সব মিলিয়ে ক্যারিয়ারে তিনি লাল কার্ড দেখেছেন মোট ২৪ বার। ২০০৫-০৬ মৌসুমে রিয়ালে যোগ দেয়ার পর মাত্র একটি মৌসুমে লাল কার্ড দেখেননি রামোস। ২০১৪-১৫ মৌসুমটাই সবচেয়ে সেরা হিসেবে কাটিয়েছেন স্প্যানিশ ডিফেন্ডার।
লা লিগায় দ্বিতীয় সর্বোচ্চ লাল কার্ড দেখা খেলোয়াড়টিও সাবেক রিয়াল অধিনায়ক। ফার্নান্দো হিয়েরো ১২ বার দেখেছেন লাল কার্ড। ইতিহাসে সর্বোচ্চ ৪৬টি লাল কার্ড দেখেছেন কলম্বিয়ার সাবেক ডিফেন্ডার জেরার্ডো বেদোয়া।






