যানজট নিরসনে রামপুরার ডিআইটি রাস্তার ওয়াপদা ক্রসিংয়ে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আগামী বুধবার থেকে এই রাস্তার যানচলাচল নিয়ন্ত্রণ করা হবে।
রোববার সন্ধ্যায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীর সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রতিদিন সকাল এবং বিকেলের পিক আওয়ারে রামপুরার ডিআইটি রোডের ওয়াপদা ক্রসিংয়ে ট্রাফিক জ্যাম পরিলক্ষিত হয়। যানজট নিরসনে বুধবার থেকে ওয়াপদা ক্রসিংয়ে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
এক্ষেত্রে ওই এলাকার যানবাহন চলাচলের জন্য নিম্নবর্ণিত নির্দেশনা অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো:
১। ওয়াপদা ফিডার রোড থেকে মালিবাগ রেল ক্রসিংগামী যানবাহন ডানে মোড় নেওয়ার পরিবর্তে বামে মোড় নিয়ে উত্তরে গিয়ে সোনালী ব্যাংক ক্রসিং থেকে ইউটার্ন করে মালিবাগ রেল ক্রসিংয়ের দিকে যাবে।
২। ডিআইটি রোডে রামপুরা ব্রিজ থেকে ওয়াপদা ফিডার রোডে গমনকারী যানবাহন ওয়াপদা ক্রসিংয়ে রাইট টার্নের পরিবর্তে আরও দক্ষিণে গিয়ে ফিরোজা টাওয়ার ও মসজিদ-ই-নূর এর নিকটবর্তী নতুন ইউটার্ন ব্যবহার করে ওয়াপদা রোডে প্রবেশ করবে।
৩। ওয়াপদা ক্রসিংয়ের পূর্ব পাশের ফিডার রোড (পোস্ট অফিসের গলি) এর যানবাহন ডিআইটি রোড হয়ে উত্তর দিকে যেতে হলে ওয়াপদা ক্রসিংয়ে রাইট টার্নের পরিবর্তে দক্ষিণদিকে গিয়ে ফিরোজা টাওয়ার ও মসজিদ-ই-নূরের নিকটবর্তী নতুন ইউটার্ন ব্যবহার করে রামপুরা ব্রিজের দিকে যাবে।
যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়াতে এই নির্দেশনা অনুযায়ী ওই এলাকায় চলাচলের জন্য নাগরিক ও যানবাহন চালকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ডিএমপি।








