রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রভাষক নিয়োগের নীতিমালায় আসছে নানা পরিবর্তন। প্রভাষক পদে আবেদন করার যোগ্যতা কমিয়ে নতুন নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন নীতিমালায় আবেদন যোগ্যতার ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের মোট সিজিপিএ কমানো হবে বলে জানা গেছে।
শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৪৭৫ তম সভায় নীতিমালা প্রণয়নের বিষয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়। সিন্ডিকেট সদস্য বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. তাজুল ইসলাম নীতিমালা প্রণয়নের বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৫ সালে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মিজানউদ্দিনের সময়কালে শিক্ষক নিয়োগ নীতিমালায় পরিবর্তন আনা হয়। সেখানে প্রতিটি বিভাগ বা ইনস্টিটিউটে শিক্ষক নিয়োগ ও আবেদন করার ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ ৩ দশমিক ৫০ থাকা আবশ্যক করা হয়। এ নিয়ে গত দুই বছরে শিক্ষক নিয়োগের নীতিমালায় দুই বার পরিবর্তন আনা হল।
এ বিষয়ে অধ্যাপক তাজুল ইসলাম জানান, তিনটি ক্যাটাগরিতে ভাগ করে শিক্ষক নিয়োগের নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে। যেমন- কলা, চারুকলা ও ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে (আইবিএস) প্রভাষক পদে আবেদনের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম সিজিপিএ-৩ দশমিক শূন্য থাকতে হবে আবেদনের জন্য। সামাজিক বিজ্ঞান, আইন, ব্যাবসায় শিক্ষা, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) আবেদনের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর ক্ষেত্রে পর্যায়ে ন্যূনতম সিজিপিএ-৩ দশমিক ২৫ থাকতে হবে। বিজ্ঞান বিষয়ক বিভাগ এমন অনুষদগুলোতে, যেমন- বিজ্ঞান, জীব ও ভূবিজ্ঞান, কৃষি, প্রকৌশল অনুষদগুলোতে আবেদনের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সর্বনিম্ন সিজিপিএ ৩ দশমিক ৫০ থাকতে হবে।
বৈঠকসূত্রে আরও জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে শিক্ষকদের দু’গ্রুপের মধ্যে গত কয়েকমাস ধরে চলমান দ্বন্দ্বের এ পর্যায়ে সভাপতির পদ থেকে সরে যেতে হচ্ছে বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসিমা জামানকে। পদত্যাগের বিষয়ে অধ্যাপক নাসিমাকে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান অনুরোধ জানাবেন বলে সিদ্ধান্ত হয় একই সিন্ডিকেটে।










