বিএসটিআই’র অনুমোদন ছাড়াই ‘ব্লু ড্রিংকস’ নামে একটি পানীয় বাজারজাত করার অভিযোগের মামলায় রাফসান দ্য ছোট ভাই’ নামে পরিচিত ইফতেখার রাফসানকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চে উপস্থিত হয়ে আগাম জামিন চাইলে আদালত তাকে আট সপ্তাহের আগাম জামিন দেন। আদালতে রাফসানের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শাহ মনজুরুল হক।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের খাদ্য পরিদর্শক কামরুল ইসলাম ‘ব্লু ড্রিংকস’ বাজারজাত করার অভিযোগে সম্প্রতি ইফতেখার রাফসানের বিরুদ্ধে ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা করেন। পরবর্তীতে ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এই মামলায় রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।








