ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
শুক্রবার ব্রিটেনের উইন্সডোর ক্যাসেলে চা চক্রে আমন্ত্রণ জানান রানী দ্বিতীয় এলিজাবেথ। পরে স্কটল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি।
সোমবার হেলসিংকিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগে গ্লাসগোতেই অবস্থান করবেন তারা।
এর আগে শুক্রবার ব্রেক্সিট, অভিবাসনসহ বিভিন্ন বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে’র সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেরেসা মে জানান, ট্রাম্পের সাথে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়েছে।
ব্রেক্সিট ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট টেরেসা মে’র সঙ্গে সহমত প্রকাশ করে দু’দেশের মধ্যকার বাণিজ্য যেন অব্যাহত থাকে সে ব্যাপারে অনুরোধ করেছেন।
মার্কিন প্রেসিডেন্টের সফরকে ঘিরে যুক্তরাজ্যজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। মধ্য লন্ডনের বিক্ষোভে প্রায় ১ লাখ মানুষ অংশ নিয়েছে। 








