লেস্টার সিটি থেকে বরখাস্ত কোচ ক্লদিও রানিয়েরি ইএসপিএন ফুটবলকে জানিয়েছেন, তার স্বপ্নের মৃত্যু হয়েছে।
ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে একের পর এক হারের ব্যর্থতা। শেষপর্যন্ত বরখাস্তই হতে হয়েছে লেস্টার রূপকথার নেপথ্যের নায়ককে। নয় মাস আগেই ক্লাবটির ১৩৩ বছরের ইতিহাসে সবচেয়ে বড় সাফল্যটি এনে দিয়েছিলেন রানিয়েরি। স্বপ্নের প্রিমিয়ার লিগ শিরোপা।
বরখাস্ত হওয়ার পর চুপই ছিলেন রানিয়েরি। যখন মুখ খুললেন, তখন স্বপ্নের দুনিয়াটা বদলে গেছে তার। ইএসপিএন ফুটবলকে বলেছেন, ‘এমনটা হওয়ার কথা ছিল না। আমার স্বপ্নের মৃত্যু হয়েছে। তবে আমি আগের মতোই লেস্টার ক্লাবকে ভালোবেসে যাবো।’
গত মৌসুমের শিরোপার স্মৃতি টেনে রানিয়েরি বলেন, ‘আমি লেস্টারের ক্লাব কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ, তাদের মাধ্যমেই আমি লেস্টারকে শিরোপা জেতাতে পেরেছি।’
লেস্টারের সকল স্টাফ, সমর্থক ও গণমাধ্যম কর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন রানিয়েরি। বিদায়বেলায় মধুর দিনগুলোর কথাই বেশি মনে পড়ছে তার, ‘মধুর স্মৃতিগুলো কখনোই ভুলব না। অনেক সুখের সময় আমি এখানে পার করেছি। তবে গর্বের বিষয় চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সঙ্গে আমি ড্রেসিংরুম শেয়ার করেছি।’








