রানা প্লাজা ধসে সোহেল রানাসহ দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ‘বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি’। সোমবার বিকেল ৪টায় রানা প্লাজার সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় বলে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সমাবেশে বক্তরা বলেন, রানা প্লাজা ধসের ২৮ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত ভবন মালিক সোহেল রানাসহ দোষীদের বিচার প্রক্রিয়া ধীর গতিতে চলছে। অনেক দোষী জামিনে মুক্তি পেয়েছে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে দোষীদের একটি দৃষ্টান্ত স্থাপন করতো পারতো।
মালিক ও সরকারি পরিদর্শক কমিটির কর্মকর্তারা সতর্ক হতে পারতো। কিন্তু রানা প্লাজা ধসে এতো তরুণ প্রাণ নাই হবার পরও সরকার এবং মালিকপক্ষের টনক নড়েনি।
তারা আরো বলেন, এই ঘটনার পর জনগণ আশা করেছিলো সরকার তার ভাবমূর্তি রক্ষায় বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করে দোষীদের শাস্তির ব্যবস্থার উদ্যোগ নেবেন। কিন্তু আজ দু’বছরে বিচারের কুল কিনারা হয়নি।
বক্তরা অভিযোগ তুলে বলেন, সরকার দোষী সরকারি কর্মকর্তাদের রক্ষা করার চেষ্টা করে আসছে আর মালিকপক্ষ মালিকদের রক্ষা করার চেষ্টা চালাচ্ছে।
বাংলাদেশে এ পর্যন্ত কারখানা দুর্ঘটনার নামে যত শ্রমিক হত্যা করা হয়েছে শ্রমিক পরিবার তার একটিরতেও সুবিচার পায়নি। বক্তরা অবিলম্বে সব দোষীর শাস্তি নিশ্চিত করতে সরকারকে উদ্যোগ নিতে তারা আহবান জানান।
দোষীদের শাস্তি এবং ক্ষতিপূরণের শ্রম আইন বদলের আন্দোলনে সংগঠিত করার আহবান জানান বক্তরা।
সংগঠনের সমন্বয়ক সিরাজ ফরিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমন্বয়ক তাসলিমা আখতার, কেন্দ্রীয় সদস্য সচিব জুলহাসনাইন বাবু, কেন্দ্রীয় সদস্য দীপক রায়, আবু শামা, রানা প্লাজা শাখার সদস্য সচিব আলম মাতব্বর ও অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন নিখোঁজ শান্তনার বোন সেলিনা, নিহত শাওনের বাবা আব্দুর আজিজ, নিহত ফজলে রাব্বির মা রাহেলা বেগম ও আরো অনেকে।






