মিয়ানমারে আটক বিজিবি সদস্য আব্দুর রাজ্জাককে ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, তাকে ফিরিয়ে এনে পরিবারকে না দেওয়া পর্যন্ত উদ্বিগ্ন সরকার। পতাকা বৈঠকের পর মিয়ানমার তাকে ফেরত পাঠাতে সম্মত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ও কূটনৈতিকভাবে যোগাযোগ করছে। আশা করি যেকোনো সময় তাকে ফিরিয়ে আনা যাবে।
কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে গোলাগুলির পর গত ১৭ জুন বিজিবি সদস্য রাজ্জাককে ধরে নিয়ে যায় মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বিজিপি।
ওই ঘটনায় বিজিবির আরেক সদস্য সিপাহী বিপ্লব কুমার গুলিবিদ্ধ হন।
এরপর রাজ্জাককে ফেরাতে বিজিবির পক্ষ থেকে কয়েক দফা পতাকা বৈঠকের আহবান জানানো হলেও বিজিপি তাতে সাড়া না দিয়ে বলেছে, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা পায়নি।







