দুই বাসের রেষারেষিতে প্রাণ হারানো রাজীবের বিষয়ে দেশের কয়েকটি অনলাইনে অনাকাঙ্খিত প্রতিবেদন প্রকাশের প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার অভিযোগ, তিনি না বললেও পত্রিকাগুলো ভুলভাবে তার বক্তব্য উপস্থাপন করেছে।
বুধবার রাতে ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন: ৯৬ থেকে এ পর্যন্ত আমি ১২ বছরে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছি। অনেকে অনেক সমালোচনা করেছেন। কিন্তু আজ পর্যন্ত কারও বিরুদ্ধে মামলা করিনি। রাজনীতি করতে গেলে ভুল হয়; আমি নিজেও গঠনমূলক সমালোচনা পছন্দ করি। মানুষ মাত্রই ভুল হয়।
“কোনো কোনো অনলাইনে সংবাদ প্রকাশিত হয়েছে: রাজীবের মৃত্যুতে তার ভুল থাকতে পারে। আমি চ্যালেঞ্জ করে বলছি, রাজীবের নাম নিয়ে তার ভুল হয়েছে, এমন কোনো কথা আমি বলিনি। গোপালগঞ্জের দুর্ঘটনায় যে হেলপার ছিলো তাকে দিয়ে শুরু করি, ওই হেলপার হৃদয়ের ভুল হতে পারে এমন বলছি। তাৎক্ষণিক ভাবে ওই হেলপারের নাম মনে না পড়ায় বলেছি, তার ভুল থাকতে পারে। কিন্তু তার (রাজীবের) ক্ষেত্রেও ভুল করেছে এমন বলিনি।”







