তিনটি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের রাজাকার মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে ৩ টি অভিযোগ ছিল। ৩ অভিযোগের মধ্যে তাদের বিরুদ্ধে ২ অভিযোগ প্রমাণিত হয়েছে।
তাদের বিরুদ্ধে যতো অভিযোগ
প্রথম অভিযোগ ছিলো, ১৯৭১ সালের ৬ অক্টোবর সকাল ৬ টা থেকে পরদিন ৭ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত এই দুইজনের সহযোগিতায় হানাদারবাহিনীরা চাঁপাইনবাবগঞ্জের জেলার শিবগঞ্জের থানার চাঁদশিকারী, চামাটোলা, বিনোদপুর উচ্চ বিদ্যালয়,চাঁদশিকারী গ্রাম থেকে ২০০ গজ পশ্চিমে ফিরোজের আমবাগান ও কবিরাজটোলায় যৌথ হামলা করে ৭০টি বাড়ি লুটপাট ও অগ্নিসংযোগ এবং শিবগঞ্জ থানার কয়েকটি জায়গায় হামলা চালিয়ে ৪ জনকে হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগ।
দ্বিতীয় অভিযোগ ছিলো, ১৯৭১ সালের ১৩ অক্টোবর দুপর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত এ আসামিদের সহযোগিতায় রাজাকার ও পাকিস্তানি সেনাবাহিনী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবপুর থানার এরাদত বিশ্বাসের টোলা এবং কবিরাজটোলা গ্রামে যৌথ আক্রমণ চালায়। এদিন তারা এ দুই গ্রামের ৭০টি বাড়িতে লুণ্ঠনের পর অগ্নিসংযোগ করে।
তৃতীয় অভিযোগ ছিলো, ১৯৭১ সালের ২ নভেম্বর দুপর ২টা থেকে পরদিন ৩ নভেম্বর রাত পর্যন্ত এ আসামিদের সহযোগিতায় রাজাকার বাহিনী আক্রমণ চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শেরপুর ভান্ডার (লক্ষীপুর), আদিনা ফজলুল হক ডিগ্রি কলেজ, শিবগঞ্জ সিও ডেভ অফিস এবং উপজেলা পরিষদ সংলগ্ন ইয়াকুব বিশ্বাসের আমবাগান এলাকার চার জনকে অপহরণ করে আটকের পর নির্যাতন চালিয়ে হত্যা করে। এছাড়াও বিভিন্ন বাড়ি-ঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের রাজাকার মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর বিরুদ্ধে গত বছরের ১১ ডিসেম্বর ৩ অভিযোগ গঠন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।







