রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নি চিকিৎসকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। রোগীর স্বজনদের হাতে ইন্টার্ন চিকিৎসক লাঞ্ছিত হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে গতকাল সোমবার রাত থেকে অনিদিষ্টকালের কর্ম-বিরতিতে যায় ইন্টার্ন চিকিৎসকরা। ইন্টার্নি চিকিৎসকদের এই ধর্মঘটে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।
গতকাল সোমবার হাসপাতালের ২২নং ওয়ার্ডে কথাকাটাকাটির জেরে ইন্টার্নি চিকিৎসক আবু নাইম পরাগকে মারপিট করে ইতি খাতুন নামের এক প্রসূতি রোগীর স্বজনরা।
এতে পরাগের ডান হাত ভেঙ্গে যায় ও ডান চোখে আঘাত পান। চিকিৎসক লাঞ্ছিত হওয়ার ঘটনা ছড়িয়ে পড়লে ইন্টার্ন চিকিৎসকরা ক্ষিপ্ত হয়ে উঠে ও রাতের কর্মবিরতি শুরু করেন।
রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগে তালা ঝুলিয়ে দেয় তারা। পরে রাতে হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে ইসমাইল মজুমদার বাদি হয়ে শাহিন ও জিমি নামের দুইজনকে আসামী করে থানায় মামলা করেন। এ ঘটনায় আজ সকালে জিমি আটকে করেছে পুলিশ।







