বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ঢাকা ডায়নামাইটস ১৮৩ রানের লক্ষ্য দিয়েছে রাজশাহী কিংসকে। সোমবারের প্রথম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাঙ্গাকারার ৬৬ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৮২ রান করে ঢাকা ডায়নামাইটস।
টস জিতে ব্যাট করতে নেমে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার মেহেদি মারুফ ও কুমার সাঙ্গাকারা। মাত্র ৫২ বলে ৭১ রানের উদ্বোধনী জুটি গড়েন এই দুই ওপেনার ।
বরাবরের মতো আজকেও মেহেদি মারুফ ছিলেন বিধ্বংসী। ২৫ বলে দুটি ছয় ও তিন চারে করেন ৩৫ রান।
দলীয় ৭১ রানে মারুফ আউট হলে সাঙ্গাকারার সঙ্গে জুটি বাঁধেন মোসাদ্দেক সৈকত। দ্বিতীয় উইকেট জুটিতে ৪৮ রান যোগ করেন তারা। দলীয় ১১৯ ও ১২১ রানে সাজঘরে ফেরেন মোসাদ্দেক ও সাঙ্গাকারা।
লঙ্কান লিজেন্ড কুমার সাঙ্গাকারা ৩৮ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। ফরহাদ রেজার বলে আউট হওয়ার আগে ৪৬ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় ৬৬ রান করেন।
শেষদিক সেকুগে প্রসন্নর ১৫ বলে তিন ছয় ও এক চারে ৩০ রান ঢাকাকে ১৮২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়তে সহায়তা করে।
রাজশাহীর বোলারদের মধ্যে ফরহাদ রেজা দু’টি উইকেট নেন।








