ছাগল চুরির অভিযোগে রাজশাহীর দুর্গাপুরে দুই কিশোরকে গাছে বেঁধে নির্যাতন চালিয়েছে এক ইউপি সদস্য। নির্যাতনের শিকার দুই কিশোর আমগাছী সাহার বানু উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
বুধবার দুর্গাপুর উপজেলার আন্দুয়া গ্রামে এঘটনা ঘটে।
শুধু নির্যাতন করে ক্ষান্ত হয়নি আন্দুয়া গ্রামের ইউপি সদস্য আব্দুল মোতালেব দুই ছাত্রের পরিবারের কাছ থেকে গ্রাম্য সালিশে ১৬হাজার টাকাও জরিমানা করেছে।
উপজেলার হাড়িয়াপাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে জার্জিস হোসেন ও পলাশবাড়ি গ্রামের সেকু আলীর ছেলে রতন মঙ্গলবার দিবাগত রাতে আন্দুয়া গ্রামের এক ব্যক্তির ছাগল চুরি করেছে এমন সন্দেহে তাদের আটক করে শালিস বৈঠক বসানো হয়। এই শালিস বৈঠকে দুই শিক্ষার্থীকে গাছে বেঁধে নির্যাতন করা হয়।
কথিত ওই গ্রাম্য সালিশে দুর্গাপুর ঝালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহার আলী মন্ডল, ইউপি সদস্য আব্দুল মোতালেব ও হাড়িয়াপাড়া গ্রামের ইউপি সদস্য মির্জা আব্দুল লতিবউপস্থিত ছিলেন। এ ঘটনায় গোপনে ধারণ করা ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আলম এ ব্যাপারে কিছু জানা নেই বলে মন্তব্য করেছেন। তবে এ বিষয়ে থানায় অভিযোগ করা হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।







