মহাসড়কে নছিমন, করিমনসহ তিন চাকার অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে রাজশাহী জেলায় ভোর ৬ টা থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এ অঞ্চলের সাধারন যাত্রীরা।
পরিবহন ধর্মঘটের কারনে রাজশাহী বাসস্ট্যান্ড থেকে দুর পাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। শ্রমিকরা বাস স্ট্যান্ডে রেখে রাস্তায় অবস্থান নিয়েছেন। তবে বিআরটিসি বাস চলছে পুলিশ পাহারায়।
এদিকে রাস্তায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকে পুলিশের টহল জোরদার করা হয়েছে। একই সাথে র্যাব এর সদস্যদেরও রাস্তায় টহল দিতে দেখা গেছে।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী বলেন, এর আগে কয়েক দফা স্থানীয় প্রশাসন সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করার আশ্বাস দিলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এবার এসব যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ না করা পর্যন্ত এই ধর্মঘট চলবে।
রাজশাহী পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ শনিবার বিকেলে এ ধর্মঘটের ডাক দিয়েছেন।







