রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় মাহেন্দ্র ও বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত এবং দু’জন আহত হয়েছেন। রোববার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার গৌরিপুর এলাকার বাসিন্দা রাশিদা বেগম তার মেয়ে তাসলিমা বেগম, গোয়ালন্দ উপজেলার আরশাদ আলীর ছেলে মস্তফা এবং ফরিদপুর জেলার ঝিলটুলী এলাকার রফিকুল ইসলামের ছেলে রিফাত ও একই এলাকার মহসীন উদ্দিন।
আহ্লাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ ভুইয়া জানান, রোববার পৌনে চারটার সময় যশোহর থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্রীনলাইন পরিবহনের একটি বাস খানখানাপুর এলাকায় আসলে দৌলতদিয়া থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী মাহিন্দ্রর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই মাহিন্দ্রর চালকসহ পাঁচজন মারা যায়। এ ঘটনায় অভিযান চালিয়ে ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়েছে।








