আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতি ও পেশাজীবী সংগঠন। সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠিত করেছেন রফিক, জব্বার, বরকত, সালামসহ অনেকেই। সেইসব শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বেদিতে শ্রদ্ধা জানায় আওয়ামীলীগ, ১৪ দল, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল।
একে একে শ্রদ্ধা জানায় সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।
রাত দেড়টার দিকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নেতা কর্মীদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসলে কিছুটা উত্তেজনা দেখা দেয় শহীদ মিনার এলাকায়। পরে মূল বেদিদে শ্রদ্ধা জানিয়ে দ্রুতই শহীদ মিনার এলাকা ত্যাগ করে বিএনপি।
বাংলা ভাষাকে বিশ্ববাসীর কাছে আরো সুপরিচিত করতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
আর রাজনৈতিক নেতারা বলেছেন দেশের সকল পর্যায়ে বাংলা ভাষাকে আরো সুদৃঢ় করতে ঐকবদ্ধ্যভাবে কাজ করতে হবে সবাইকে।
অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার মাধ্যমে বাংলাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে সরকারকেই কার্যকরী উদ্যোগ গ্রহণের আহ্বান সামাজিক ও সাংস্কৃতিক সংগঠকদের।
শুধু একটি দিন নয়, বছরের প্রতিটি দিন, প্রতিটি মুহুর্তে বাংলা ভাষা চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যেই বেঁচে থাকুক আ-মরি বাংলা ভাষা। এমনটাই প্রত্যাশা সবার।






