বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য তার ভাই হঠাৎ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। জিয়ার ছোটভাই আহমেদ কামাল অবশ্য বলেছেন, রাজনীতিতে আসলে সবাইকে জানিয়েই আসবেন। তবে দেশে এখন গণতন্ত্র নয়, রাজতন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন তিনি।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রায় দেড় মাস হলো লন্ডনে। দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানও দীর্ঘদিন ধরেই দেশের বাইরে। মঙ্গলবার কারাগারে গেছেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এরকম অবস্থার মধ্যে বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউটে জিয়াউর রহমানসহ পরিবারবর্গের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করলেন জিয়ার আপন ছোটভাই আহমেদ কামাল। সংক্ষিপ্ত বক্তব্যে মিলাদ আয়োজনকে অন্যভাবে না দেখার অনুরোধ করেন তিনি। তবে রাজনৈতিক প্রসঙ্গেও কথা বলেন সবসময় রাজনীতির বাইরে থাকে জিয়ার ভাই।
আহমেদ কামাল বলেন, এটা একান্তই আমাদের পারিবারিক মিলাদ মাহফিল। আমি যদি কোনদিন রাজনীতিতে আসি আপনাদের সবাইকে জানিয়ে আসবো। এখন আমাদের বর্তমান সরকার যে গণতন্ত্রের কথা বলছে তা গণতন্ত্র নয়। এই নাজুক পরিস্থিতিতে দেশের নাগরিক সঠিক ও সুষ্ঠু ধারার রাজনীতি ও গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে এগিয়ে আসতে হবে।
জিয়াউর রহমানের আত্মীয়-স্বজনরা মিলাদে যোগ দেন বলে দাবি করা হয়। তবে দলের প্রতিষ্ঠাতার জন্য পরিবারের পক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে বিএনপির কেউ উপস্থিত ছিলেন না। পরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র কথা বলেন মিলাদ প্রসঙ্গে।
বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেন, তিনি তার ভ্রাতা আমাদের পার্টির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার পিতামাতা ও পরিবার বর্গের জন্য দোয়া চাইতেই পারেন। আমরা এতে দোষের কিছু দেখি না। সকল দোয়াই আল্লাহ রাব্বুল আলামীন কবুল করবেন এটাই আমরা প্রত্যাশা করি।
সরকারের কাছে আবারও জাতীয় সংলাপের তাগিদও দিয়েছে বিএনপি।







