রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বেশি হলেও এখন তা জেলায় জেলায় ছড়িয়ে পড়ছে। এতে আতঙ্কিত হয়ে পড়ছেন সাধারণ মানুষ। কারণ, অনেক জেলায় ডেঙ্গু শনাক্তকরণের সঠিক ব্যবস্থাপনা নেই।
চিকিৎসকরা বলছেন, অধিকাংশ রোগীই ঢাকা থেকে ফিরে আক্রান্ত হয়েছেন।
পাবনা জেনারেল হাসপাতালে ২৩ জুলাই থেকে এ পর্যন্ত ২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে রোববারেই ভর্তি হয়েছেন ৯জন।
চিকিৎসকরা জানান, এসব রোগীর বেশীর ভাগ ঢাকা থেকে ফিরেই জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন।
খোঁজ নিয়ে জানা গেছে, পাবনার বেসরকারি ক্লিনিকগুলোতে ভর্তি হয়েছেন কমপক্ষে আরও ২০ জন।
গাইবান্ধায় শনাক্ত হওয়া তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার ডেঙ্গু নিয়ে আরও একজন ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৫১ জন রোগী চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন ফেনী জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. আবু তাহের পাটোয়ারী।
অন্যদিকে, শেরপুরে আরও দু’জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত ৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়।
ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে ১৭ জন চিকিৎসা নিয়ে ফিরে গেলেও ২৫ জন ডেঙ্গু রোগী এখনো চিকিৎসাধীন রয়েছেন।








