রূপনগরে জঙ্গি আস্তানায় পুলিশি অভিযানে শীর্ষ জঙ্গি নেতা কথিত মেজর মুরাদ নিহত হয়েছে। এছাড়াও অভিযানে রূপনগর থানা পুলিশের ওসি শহীদ আলমসহ তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, নিহত জঙ্গির সাংগঠনিক নাম মেজর মুরাদ। জাহাঙ্গীর নামেও তিনি পরিচিত ছিলেন। নব্য জেএমবির সামরিক শাখার প্রধান ছিলেন এই মুরাদ। গুলশানের হলি আর্টিজেন বেকারিতে জঙ্গি হামলা, ঈদের জামাতের আগে শোলাকিয়ায় জঙ্গি হামলাসহ সম্প্রতি ঘটে যাওয়া সব জঙ্গি হামলার সঙ্গে জড়িতরা এই মুরাদের কাজ থেকে প্রশিক্ষণ পেয়েছিলো।
তবে তাকে তাৎক্ষণিক ভাবে নিহত জঙ্গির পরিচয় মেজর মুরাদ বলে পুলিশের পক্ষ থেকে জানানো হলেও সঠিক পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ফিঙ্গার প্রিন্ট পরীক্ষা করে দেখা হচ্ছে।
রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টা পর্যন্ত অভিযানে জঙ্গি থাকতে পারে এমন তথ্যের ভিত্তিতে রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর সড়কের ৩৪ নম্বর বাসায় অভিযান চালায় পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসার ভেতরে থাকা জঙ্গিরা চড়াও হলে তিন পুলিশ কর্মকর্তা আহত হন। ধারণা করা হচ্ছে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে তারা আহত হয়েছেন।
এর আগে, রূপনগরের ওই বাসাটি জঙ্গিরা আস্তানা হিসেবে ব্যাবহার করতে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে সঙ্গে নিয়ে অভিযান চালায় রূপনগর থানা পুলিশ।
শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান শেষে বাসার ভেতর তল্লাশি চলছে। প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিকে গ্রেফতার করেছে পুলিশ।







