রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সারোয়ার-তামীম গ্রুপের ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
আটককৃতরা হলেন: অলিউজ্জামান অলি, আনোয়ারুল আলম, সালেহ আহাম্মেদ শীষ, আবুল কাশেম এবং মোঃ মোহন মহসীন।
মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারস্থ র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র্যাবের এডিশনাল ডিরেক্টর জেনারেল(অপারেশন) আনোয়ার লতিফ খান এ তথ্য জানান।
তিনি বলেন: রাজধানীর বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে জেএমবি’র ‘সারোয়ার-তামিম’ গ্রুপের দুই ইঞ্জিনিয়ারসহ মোট পাঁচ জঙ্গি সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্য, জিহাদি বই, খেলনা অস্ত্র এবং নগদ টাকা উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
আটককৃত সকলেই নাশকতা চালানোর উদ্দেশে এক বছর ধরে কাজ করে যাচ্ছিলো জানিয়ে আনোয়ার লতিফ বলেন: তাদের টার্গেট ছিলো সরকারি স্থাপনা। এ উদ্দেশ্যে তারা কাজ করছিলো।
তবে, কোথায় এবং কি ধরণের হামলা এ বিষয়ে ব্রিফিংয়ে সে সম্পর্কে পরিস্কার করে কিছু বলা হয়নি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।








