কোলাহল ছেড়ে নগরবাসি ছুটে যান বিভিন্ন ছোট বড় পার্কে। কিন্তু অযত্ন আর অবহেলায় নগরীর বেশিরভাগ উদ্যান আর সজীব অবস্থায় নেই। সংশ্লিষ্টরা অবশ্য জানিয়েছেন, বিপর্যয়ের মুখে পড়া পার্কগুলোকে ঢেলে সাজানোর কাজ চলছে।
নগর জীবনের ব্যস্ততায় খানিকটা প্রশান্তি দেয় রাজধানী ঢাকার শোভাবর্ধনে নির্মিত ছোট ছোট এমন দ্বীপের মতো সবুজ। সিটি কলেজের উল্টোপাশে অর্ঘ্য নামে পরিচিত এই বদ্বীপে ঢোকা না গেলেও বাইরে থেকে সৌন্দর্য দেখে মুগ্ধ নগরবাসী।
তবে ভিন্ন চিত্রও আছে। যেমন রাজধানীর ফার্মগেটে আনোয়ারা পার্ক। বসার জন্য কোনো বেঞ্চ নেই, অনেকটা জায়গাও ভবঘুরেদের দখলে। সজীব নিঃশ্বাসের জন্য মানুষ আসবে দূরের কথা, পার্কে ফেলা ময়লার আবর্জনার দুর্গন্ধে পথচারীদেরই নাজেহাল অবস্থা।
অনেক পার্কই দিন দিন বেদখল অবস্থায় চলে গেছে। কাওরান বাজারের পান্থকুঞ্জ তার একটি। এর একপাশ পরিণত হয়েছে ছিন্নমূলদের আবাসস্থলে। আর ময়লা ফেলার জন্য পার্কটিকেই বেছে নিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান।
এ বিষয়ে উদ্যোগী হওয়ার কথা বলছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। তিনি জানান, সবুজায়নে ঢাকা প্রকল্পের আওতায় যে ৩১টি পার্ক ও উদ্যান রয়েছে সেগুলো নতুন করে নির্মাণের কাজ চলছে।
রাজধানীতে অভিনব ধারণার গোসসা নিবারণ পার্ক নির্মাণে পরিকল্পনার কথাও জানিয়েছেন দক্ষিণের মেয়র।
দেখুন নিচের ভিডিও রিপোর্টে:







