রাজধানীর একটি স্কুলের প্লে শ্রেনীর ৫ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের মামলায় প্রতিষ্ঠানের শিক্ষক মিনহাজ উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
একইসঙ্গে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিনা ইসমাইল।
২০১৪ সালের ১১ মার্চ ওই ছাত্রীকে চকলেটের লোভ দেখিয়ে স্কুলের বাথরুমে নিয়ে ধর্ষণ করে ওই শিক্ষক। বিষয়টি জানাজানি হলে ওই দিনই ছাত্রীর বাবা মিনহাজের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
ঘটনাটি তদন্ত করে গত বছরের ২৬ জুন ওই শিক্ষককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। এরপর আসামীর বিরুদ্ধে ২৯ অক্টোবর চার্জগঠন করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
এই ঘটনায় ভিকটিমসহ আদালতে সাক্ষ্য দেন নয়জন। রায়ের সময় আসামী মিনহাজ আদালতে উপস্থিত ছিল। রায়ের পরপরই তাকে কারাগারে পাঠানো হয়েছে।
অন্যদিকে নড়াইলে শিশু পাচার ও ধর্ষণ মামলায় রিপন শেখ নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল।






