অনলাইন ডেস্ক: অনুকূল সেচ অবকাঠামো গড়ে না ওঠায় সেচ সংকটে বোরো আবাদ ব্যাহত হচ্ছে রাঙ্গামাটিতে। পাহাড়ে বোরো আবাদের প্রচুর সম্ভাবনা থাকলেও সে সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না বলে জানাচ্ছে কৃষি বিভাগ।
রাঙ্গামাটির ফসল বৈচিত্র ও আবাদ কৌশল সমতলের চেয়ে আলাদা হওয়ায় এখানে আবাদী জমির পরিমান কম। চলতি মৌসুমে জেলায় বোরো আবাদ হয়েছে সাড়ে সাত হাজার একর জমিতে। কিন্তু অধিকাংশ স্থানেই সেচের সংকট রয়েছে ।
রাঙ্গামাটির স্থানীয় কৃষকদের কয়েকজন জানায়, জমিতে ধান করলেও পানির অভাবে ধান মরে যাচ্ছে।
দিনের পর দিন প্রযুক্তিগত উন্নয়নের ধারাবাহিতকতায় এখানকার আবাদি জমিগুলোকে এখন আর আলাদা করার কোনো উপায় নেই। কিন্তু সে অনুযায়ী গড়ে ওঠেনি সেচ অবকাঠামো। এই লক্ষে মাঠ পর্যায়ে জরিপ শুরু হয়েছে বলে জানাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
রাঙ্গামাটির উপÑসহকারি কৃষি কর্মকর্তা দিপায়ন বড়–য়া বলেন,আমরা কৃষকদের আধুনিক প্রযুক্তি দিয়ে বিভিন্ন পদ্ধতিতে চাষাবাদ করতে উদ্বুদ্ধ করেছি। প্রদর্শনীর মাধ্যমেও তা প্রচার করেছি।
কৃষি মন্ত্রণালয়ের একটি স্থায়ী কমিটি পার্বত্য এলাকা সফর করে গেছেন। সেচের আরো পদ্ধতি বিশেষ করে ডি টিউবওয়েল,স্যালো টিউবওয়েল বৃদ্ধি করা যায় তা পরিসংখ্যান করে জরিপ করা হচ্ছে।দ্রুতই সেচ ব্যবস্থার আরো উন্নতি হবে বলে জানান রাঙ্গামাটির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ছবি হরিদাস।
স্থায়ী সেচ অবকাঠামো গড়ে তোলা গেলে রাঙ্গামাটিতে তিন ফসলি জমি আরো বাড়বে বলে জানিয়েছে কৃষি বিভাগ।






