দক্ষিণ রাখাইন রাজ্যে খাদ্য সহায়তা পুনরায় চালুর জন্য জাতিসংঘকে সবুজ সংকেত দিয়েছে মিয়ানমার। দুই মাস খাদ্য সরবরাহ বন্ধ রাখার পর মিয়ানমার এই সংকেত দিয়েছে বলে বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি) জানিয়েছে।
এর আগে দক্ষিণ রাখাইনে মুসলিম ও বৌদ্ধ সম্প্রদায়ের এক লাখ ১০ হাজার মানুষের মধ্যে রেশন সরবরাহ করে আসছিল বিশ্ব খাদ্য সংস্থা। কিন্তু সম্প্রতি রোহিঙ্গা বিদ্রোহীরা রাখাইনে পুলিশ স্টেশনে হামলা চালালে সেনাবাহিনীর অভিযান শুরু হয়। জাতিসংঘ যাকে ‘জাতিগত নিধন’ বলে উল্লেখ করে।
এরপর থেকেই সেখানে জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলোর সহায়তা বন্ধ করে মিয়ানমার সরকার। জাতিসংঘের মানবাধিকার প্রতিষ্ঠানগুলোর প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এ বিষয়ে বিশ্ব খাদ্য সংস্থার মুখপাত্র বেটিনা লুশ্যার জেনেভায় সাংবাদিকদের বলেন, আমরা দক্ষিণ রাখাইনে খাদ্য সরবরাহ কার্যক্রম চালুর সবুজ সংকেত পেয়েছি। বিস্তারিতভাবে সমন্বয়ের জন্য আমরা মিয়ানমার সরকারের সঙ্গে কাজ করছি।
তবে কবে নাগাদ কাজ শুরু হবে এবং এখনো যেসব মুসলিম নাগরিক রাখাইনে রয়েছেন তাদের জন্য কি পরিমাণ রেশন সরবরাহ করা হবে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। বিষয়টি এখনো আলোচনাধীন রয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, আমরা এখনো সরেজমিনে দেখছি সেখানকার কি অবস্থা। সেখানে না গিয়ে বলা কঠিন সেখানকার কি পরিস্থিতি।







