আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ছেলেখেলা করেই জিতল ইংল্যান্ড। আদিল রশিদের ঘূর্ণিতে প্রতিপক্ষকে একশর পরপরই অলআউট করে ৭ উইকেটের জয়ে মাঠ ছেড়েছে ইয়ন মরগ্যানের দল।
ব্রিস্টলের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে শুরুতে ব্যাট করে ৩৩ ওভারে ১২৬ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। ছয়জন ব্যাটসম্যান দুই অংকের কোটা পেরোলেও ত্রিশ পার করতে পারেননি কেউই। সর্বোচ্চ ৩০ আসে অ্যান্ডি বেলব্রিনের ব্যাটে।
বাকিদের মধ্যে এড জয়েস ২৩, পল স্ট্রার্লিং ২০ ও নেইল ও’ব্রায়েন ১৬ রান করেন।
আইরিশদের গুঁড়িয়ে দেওয়ার পথে ২৯ বর্ষী রশিদ নিয়েছেন পাঁচ উইকেট। ওয়ানডেতে ক্যারিয়ার সেরা বোলিং করার পথে ৮ ওভারে ২৭ রান খরচ করেছেন এই লেগস্পিনার। এছাড়া জো রুট ২টি ও একটি করে উইকেট নিয়েছেন উইলি, উড, বল।
ছোট লক্ষ্য তাড়া করতে খুব একটা বেগ পাওয়ার কথা ছিল না। ইংলিশরা সেটি ৩০ ওভার হাতে রেখেই ছুঁয়ে ফেলেন। জেসন রয় রানের খাতা খোলার আগে ফিরলেও আরেক উদ্বোধনী অ্যালেক্স হেলস ৫৫ রানে আউট হন।
পরে রুট ৪৯ ও জনি বেয়ারস্টো ১০ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন।
তিনটি উইকেটই গেছে ২৩ বর্ষী মিডিয়াম পেসার পিটার চেজের দখলে।
রোববার লর্ডসে সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডেটি খেলবে দুদল।










