সাফল্যের ঊর্ধ্বগামী গ্রাফ চালু রেখে বিশ্ব ক্রিকেটে নিজেদের উত্থান বার্তাটা দিয়ে যাচ্ছিল আফগানিস্তান। কিন্তু সময়মত এসে পথ হারিয়ে ফেলেছে দলটি। সাম্প্রতিক উড়তে থাকা পারফরম্যান্সটা গা গরমের প্রস্তুতি ম্যাচে টানতে পারেনি আফগানরা, বিশ্বকাপ বাছাইয়ে মূলপর্বের প্রথম ম্যাচে তো হেরেই বসল রশিদ খানের দল।
রোববার বুলাওয়েতে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে স্কটল্যান্ডের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে আফগানিস্তান। এই ম্যাচেই বিশ্বের সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে রশিদ খানের, ১৯ বছর ১৬৫ দিনে। দিনটি স্মরণীয় করে রাখতে পারলেন না আফগান লেগস্পিনার।
প্রথমে ব্যাট করে মোহাম্মদ নবীর ৯২ রানে ২৫৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে আফগানরা। মাত্র ৮ রানের জন্য নিজের দ্বিতীয় শতক হাতছাড়া করেছেন সাবেক অধিনায়ক নবী, ৭ চার ও ৩ ছয়ে ৮২ বলের ইনিংস তার।
এছাড়া নাজিবুল্লাহ জাদরান ৬৭, মোহাম্মদ শেহজাদ ৩০ ও নাসির জামশেদের ১৫ রানে লড়াইয়ের পুঁজি পায় আফগানরা।
স্কটিশদের হয়ে হুয়েল ও বেরিংটন ৩টি করে উইকেট নিয়েছেন। ২টি উইকেট নিয়ে তাদের সঙ্গ দিয়েছেন শেরিফ।

জবাবে ১৬ বল আর ৭ উইকেট অক্ষত রেখেই জয়ে নোঙর ফেলে স্কটল্যান্ড। এক ক্যালুম ম্যাকলিওডের কাছেই হেরে গেছে আফগানরা। ম্যাকলিওড ক্যারিয়ারের পঞ্চম শতকটি তুলে অপরাজিত থাকেন ১৫৭ রানে। ২৩ চার ও এ ছক্কায় সাজানো ১৪৬ বলের ইনিংস তার।
দ্বিতীয় সর্বোচ্চ ৬৭ রান এসেছে রিচি ব্যারিংটনের ব্যাটে। দুজনের জুটিতে এসেছে ২০৮ রান।
ওয়ানডের র্যাঙ্কিংয়ে সেরা বোলার রশিদ খান পেয়েছেন ব্যারিংটনের উইকেট। কিন্তু ৯ ওভার হাত ঘুরিয়ে রান দিয়েছেন ৬৮। মুজিব উর রহমান ২ উইকেট নিয়ে চেষ্টা করেছিলেন। কিন্তু হার এড়ানো যায়নি।








