আসন্ন রমজানে চাহিদার চেয়ে দেড়গুণ বেশি পণ্যের মজুদ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রমজানে পণ্যের দাম বাড়ার আশংকা নেই দাবি করে বাণিজ্যমন্ত্রী বলেছেন, কেউ কারসাজি করে দাম বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সোমবার রাজধানীর টিসিবি ভবনে ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রমযান আসলেই পণ্যের দাম বেড়ে যাওয়ার কারসাজি ঠেকাতে এই বৈঠক হয়। সেখানে ব্যবসায়ীদের কাছে বাজারের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান বাণিজ্যমন্ত্রী। পাইকারী ও খুচরা বিক্রেতারা বলেন, দু একটি পণ্য বাদে বেশিরভাগ পণ্যের দামই ক্রয়ক্ষমতার মধ্যে।
রমজানে পণ্যের দাম যাতে লাগামহীন না হয় সেজন্য ব্যবসায়ীদের আরও বেশি সচেতন থাকার আহবান জানান এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ ।
রমজানে চাহিদার তুলনায় বাজারে পণ্যের যথেষ্ট মজুদ রয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, কেউ অসাধু উপায়ে কৃত্রিম সংকট তৈরি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, বিপণন এবং মূল্য স্থিতিশীল ও যৌক্তিক পর্যায়ে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকেও সতর্ক থাকতে বলা হয় সভা থেকে।







