এ বছরের নভেম্বরে গত বছরের তুলনায় রপ্তানি আয় বেড়েছে ১৩ দশমিক ৭৩ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) রোববারের হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে আসে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে বাংলাদেশ পণ্য রপ্তানি করে এক হাজার ২৮৮ কোটি ডলার আয় করেছে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৬ দশমিক ৭১ শতাংশ বেশি।
এছাড়াও গত অক্টোবর মাসের তুলনায় নভেম্বরে দেশের রপ্তানি আয় ৩৭ কোটি ৭৮ লাখ ডলার বেড়েছে। প্রবৃদ্ধির হার ১৫ দশমিক ৯৩ শতাংশ।
ইপিবির হালনাগাদ তথ্যে দেখা যায়, চলতি ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে এক হাজার ২৮৭ কোটি ৯০ লাখ ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে বাংলাদেশ এক হাজার ২৮৭ কোটি ৯৮ লাখ ৩০ হাজার ডলারের পণ্য রপ্তানি করেছে। এ হিসেবে পাঁচ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে শূন্য দশমিক ০১ শতাংশ বেশি রপ্তানি আয় হয়েছে।
সবচেয়ে বেশি আয় হয়েছে নিট পোশাক রপ্তানি থেকে, ৫২৩ কোটি ৬৭ লাখ ৩০ হাজার ডলার। উলেন পোশাক থেকে এসেছে ৫২২ কোটি ৬০ লাখ ৩০ হাজার ডলার। গত অর্থবছরের এ পাঁচ মাসে রপ্তানি থেকে আয় হয়েছিল এক হাজার ২০৭ কোটি ডলার।






