সদ্যই বিয়ে সেরেছেন বলিউডের তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। তারই মাঝে এবার গুঞ্জন উঠলো কাপুর পরিবারে নাকি আবারো বিয়ের সানাই বাজতে চলেছে!
রণবীরের পর এবার বিয়ে করছেন তার চাচাতো বোন কারিশমা কাপুর, এমন গুঞ্জনই চাউর হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জুড়ে।
মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ছবি থেকেই এই গুঞ্জনের শুরু। নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন কারিশমা। যেখানে দেখা যায়, তার ওপর আলিয়ার হাতের কলিরা পড়ায় বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। বাকিরা বেশ উত্তেজিত।
পাঞ্জাবী বিয়েতে কনের হাতের চুরির সঙ্গে যে সোনালি ঝুমকোর মতো গহনা জুড়ে দেওয়া হয় সেটাই কলিরা। বিয়েতে কনে গিয়ে তার বোন ও বান্ধবীদের মাথার ওপরে হাত নাড়েন। যার মাথায় কলিরা পড়ে, মনে করা হয় এরপর বিয়ে করার পালা তারই। আর সেখান থেকেই গুঞ্জন কারিশমার বিয়ের!
রণধীর কাপুর ও ববিতা কাপুরের বড় মেয়ে কারিশমা কাপুর। এর আগে ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে তার বিয়ে হয়েছিল। দুই সন্তানও আছে এই অভিনেত্রীর। তবে সঞ্জয়ের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন কারিশমা।
এদিকে ডিভোর্সের পর একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির সিইও সন্দ্বীপ তোশনিওয়ালের সঙ্গে কারিশমার প্রেমের গুঞ্জন শোনা গেছে। তারা বিয়ে করবেন বলেও গুঞ্জন চাউর হয়েছিল।







