২২ জানুয়ারি থেকে শুরু হয়েছে ‘আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রটারডাম’-এর ৪৯তম আসর। প্রাচীন এই চলচ্চিত্র উৎসবে ছবি প্রদর্শনীর পাশাপাশি উদীয়মানদের জন্য থাকে নামিদামি নির্মাতা, প্রযোজক, পরিবেশক ও বিশেষজ্ঞ সামনে প্রজেক্ট উপস্থাপনের সুযোগ।
বিশেষ করে প্রতি বছর ‘রটারডাম ল্যাব’ উদীয়মানদের জন্য থাকে আগ্রহের কেন্দ্রবিন্দুতে। আর এই ল্যাবে প্রথম বাংলাদেশি হিসেবে অংশ গ্রহণের সুযোগ করে নিয়েছেন তরুণ নির্মাতা রাওয়ান সায়েমা।
স্বাধীন ও এক্সপেরিমেন্টাল চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হয় রটারডাম ল্যাবকে। ব্যবসায়ী, পরিবেশক, নির্মাতা, প্রযোজক ও বিভিন্ন দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট পেশাদার ব্যক্তিত্বের সঙ্গে সম্মিলন ঘটানোই ‘রটারডাম ল্যাব’-এর মূল উদ্দেশ্য।
২৫ জানুয়ারি থেকে শুরু হওয়া রটারডাম ল্যাবে এবছর ৩১টি দেশ থেকে ৬৯ জনকে মনোনীত করা হয়। যেখানে প্রথম কোনো বাংলাদেশি হিসেবে অংশ নেন রাওয়ান। তালিকায় এক্সপেরিমেন্টাল ফিল্ম মেকার ও প্রযোজক হিসেবে নাম আছে তার।
বাংলাদেশ থেকে এরআগে চলচ্চিত্র নিয়ে কিংবা জুরি হিসেবে রটারডাম চলচ্চিত্র উৎসবে অংশ নেয়ার উদাহরণ থাকলেও ‘রটারডাম ল্যাব’-এ অংশ গ্রহণের ঘটনা প্রথম। এমনটাই জানালেন রাওয়ান সায়েমা। বললেন, এখানের অভিজ্ঞতা আমার সারা জীবনে পুঁজি হয়ে থাকবে।
এরআগে নির্মিতব্য নিজের প্রথম এক্সপেরিমেন্টাল ফিচার ফিল্ম ‘সেল্ফ ফ্যান্টাসি’ নিয়ে ডকেজ কলকাতায় অংশ নিয়েছিলেন রাওয়ান। সেখানে ডকেজ কলকাতা-২০১৯ এর ‘চেরিপিক্স পোস্ট প্রোডাকশন অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছিলো ছবিটি।








