দেশের ৪৮তম স্বাধীনতা ও জাতীয় দিবসে টাঙ্গাইলের ভাসানী হলে অনুষ্ঠিত হলো শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘রঙ ও রেখায় বর্ণিল স্বাধীনতা ২০১৮’।
সোমবার সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে এই আয়োজন।
স্বাধীনতা দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় টাঙ্গাইল জেলার বিভিন্ন স্কুলের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ুয়া ক্ষুদে শিল্পীরা।
নিজের মনের মাধুরী মিশিয়ে ক্ষুদে শিল্পীরা কেউ এঁকেছে জাতীয় পতাকা, কেউ আবার স্মৃতিসৌধ, কেউ এঁকেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজক ত্রায়ক-এর আহ্বায়ক আতিকুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, শিশুর যথাযথ মেধা বিকাশের জন্য পুঁথিগত শিক্ষার পাশাপাশি প্রয়োজন সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা। শিশুদের মাঝে রক্তার্জিত স্বাধীনতার চেতনায় উজ্জীবিত করাই ছিল আমাদের উদ্দেশ্য।

পরে প্রতিযোগিদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতার বিচারক ছিলেন বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের চারুকলা’র শিক্ষক রেজাউল করিম স্বপন।
অনুষ্ঠানে ক্ষুদে প্রতিযোগীদের অভিভাবকসহ ত্রায়কের অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।







