হোসেনী দালানের রক্তাক্ত ঘটনার মধ্যেই ধর্মীয় ভাব-গম্ভীর্য এবং বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পবিত্র আশুরা পালিত হয়েছে।
কড়া নিরাপত্তার মধ্যেই ঢাকায় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায়। পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।
আরবী হিজরী বর্ষের প্রথম মাস মহররম। মহররম এর ১০ তারিখ একদিকে শোকাবহ অন্যদিকে পূণ্যময়।
বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম এর ওফাতের পর ৬১ হিজরীর পবিত্র এই দিনে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে ঘটে শোকাবহ ঘটনা।
তাঁরই প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসেন পরিবারের সদস্য ও সহযোগীদের নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে এজিদ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছিলেন। অন্যায়ের কাছে মাথা নত না করে তিনি প্রতিষ্ঠা করে গেছেন ইসলামের মহান আদর্শ। তাই মুসলিম উম্মার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ পবিত্র এই দিন।
ইসলামী চিন্তাবিদ মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী বলেন, রমজানুল মোবারকের আগে মোহাররমের রোযাই একমাত্র রোজা যা শরিয়ত ইসলামে ছিল।
‘মহররমের ৯ বা ১০ কিংবা ১০ বা ১১ দুইদিন রোযা পালন করা নবী (সা:) এর কাছে রামজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোযা।’
মর্মান্তিক এই ঘটনা স্মরণে সারা বিশ্বের মতো বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা কোরআনখানি, ওয়াজ-মাহফিল ও জিকির আসকারসহ ইবাদত বন্দেগির মধ্য দিয়ে পবিত্র এই দিন পালন করেন।
শিয়া মুসলমানরা রাজধানীর হোসেনী দালান, লালবাগ, আজিমপুর এবং মোহাম্মদপুর থেকে বের করে বর্ণাঢ্য তাজিয়া শোভাযাত্রা।
ইমাম হোসেনের করুণ মৃত্যুর স্মরণে হায় হোসেন-হায় হোসেন ধ্বনিতে চলে শোকের মাতম।






