মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চ্যানেল আই-এর আয়োজনে বরাবরের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে আইএফআইসি ব্যাংক-চ্যানেল আই ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’।
১১টা ৫ মিনিটে চ্যানেল আই প্রাঙ্গণে ‘ও আমার দেশের মাটি’ গানটি দিয়ে অনুষ্ঠান শুরু হয়। গান পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারা। এরপর বিশিষ্ট চিত্রশিল্পী রফিকুন নবী, আবুল বারাক আলভী, বীরেন শোম, সমরজিৎ রায় চৌধুরীর তুলির আঁচড়ে অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়। এরপর দেশ বরেণ্য অর্ধশতাধিক চিত্রশিল্পীর তুলির আঁচড়ে সাদা ক্যানভাসগুলো ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠতে শুরু করে। ফুটে উঠতে থাকে পতাকা, দেশ ও স্বাধীনতার ছবি। মুক্তিযুদ্ধের তাৎপর্যকে চিত্রাঙ্কনের মাধ্যমে তুলে ধরার এই অনুষ্ঠানে ক্ষুদে চিত্রশিল্পীও মুক্তিযুদ্ধের ছবি আঁকছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন অভিনেতা আফজাল হোসেন।











