মোহাম্মদ শহীদের দুর্দান্ত বোলিং আক্রমণে রংপুর রাইডার্সের রানের চাকা ঘুরলো ধীরগতিতে। প্রতি ওভারে ৫.৪৫ রানে নির্ধারিত ২০ ওভার খেলা শেষে ৯ উইকেট হারিয়ে রংপুর করলো মাত্র ১০৯ রান। প্রায় সকল ব্যাটসম্যানেরই রানের গতি বলের সংখ্যার চেয়ে কম। সর্বোচ্চ স্কোরার সাকিবের ৩৩ রান এসেছে ৩৭ বলে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত ম্যাচেই বোলিং, ব্যাটিংয়ে অসাধারণ নৈপুণ্য দেখানো সাকিবের ধীর গতির ৩৩ রানের পাশে থিসারা পেরেরার ২১ এবং লেন্ড সিমন্সের ১৩ রান ছাড়া আর কেউ দুই অঙ্কে যেতে পারেননি। এদের পরে সর্বোচ্চ ৮ রান এসেছে অতিরিক্ত খাতে।
সিলেট সুপার স্টার্সের বোলিং তোপের মুখে হাত খুলে খেলতে পারেননি কেউ। শহীদের পুরো ৪ ওভার বোলিং স্পেলে ৪ উিইকেট শিকার করে দিয়েছেন মাত্র ১২ রান। প্রতি ওভারে মাত্র তিন করে রান দেয়া শহীদের বিস্ময়কর পারফরম্যান্সের পাশে রবি বোপারাও কম নৈপুণ্য দেখাননি।
বোপারার চার ওভারে রান আরও কম। প্রতি ওভারে ২ রান করে দিয়ে নিয়েছেন একটি উইকেট। অজন্তা মেন্ডিসকেই শুধু প্রকৃত টি-২০ আমেজে খেলতে পেরেছে রংপুর। উইকেটশূন্য মেন্ডিসের ৪ ওভার থেকে এসেছে ৪১ রান।






