বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের (বিপিএল) পঞ্চম আসরে শিরোপাপ্রত্যাশী রংপুর রাইডার্সের নিরাপত্তা ও সুরক্ষা পার্টনার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে নিরাপত্তা কোম্পানি এলিট ফোর্স। শনিবার বারিধারায় কোম্পানির প্রধান কার্যালয় এলিট টাওয়ারে দুপক্ষের চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদিক ও এলিট ফোর্সের ডিরেক্টর শরীফ শাহম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উভয় পক্ষের শীর্ষ কর্মকর্তারা।
মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বে দেশী-বিদেশীদের নিয়ে শক্তিশালী দল গড়া রংপুরকে পুরো বিপিএল জুড়ে নিরাপত্তা দেবে এলিট ফোর্স।
এরই মধ্যে বিপিএলে সূচি প্রকাশ করেছে বিসিবি। ৩ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও নতুন ফ্র্যাঞ্চাইজি দিয়ে ফেরা সিলেট সিক্সার্সের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে পঞ্চম আসর। টুর্নামেন্টের ফাইনাল ১২ ডিসেম্বর, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।







