ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কথিত অভিযোগে রংপুরে হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে ২ জন নিহত হওয়ার ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।
শুক্রবার বেলা ৩টার দিকে রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। এ ঘটনায় আহত হয় পুলিশসহ ৫০ জন। এছাড়া ২ অগ্নিসংযোগকারীকে আটক করে পুলিশ।
এলাকাবাসীর অভিযোগ: গত ২৮ অক্টোবর টিটু রায় নামে এক যুবক ‘এমডি টিটু’ নামে তার আইডিতে মুহম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর উক্তি দিয়ে ফেসবুকে পোস্ট করেন। এক পর্যায়ে এ বিষয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উপক্রম হলে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।
‘এরপরেও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ সলেয়াশাহ এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয় কিছু মানুষ।’
শুক্রবার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রংপুর দিনাজপুর মহাসড়ক অবরোধ করলে পুলিশ বাধা দেয়। বিক্ষোভকারীরা এসময় কটুক্তিকারী যুবকের এলাকা সলেয়াশাহ হিন্দুপাড়া ও ঠাকুরপাড়ায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালায় বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।







