রংপুরে সংখ্যালঘুদের বাড়ি ঘরে আগুন দেয়ার ঘটনায় ষড়যন্ত্রের আভাস পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
মহান বিজয় দিবসের নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব কথা বলেন মন্ত্রী।
সভায় বিজয় দিবসে নিরাপত্তা,সাভার জাতীয় স্মৃতিসৌধ ঘিরে নিরাপত্তা বলয় তৈরি, ভিভিআইপিতের যাত্রাপথে নিরাপত্তা জোরদারসহ বিজয় দিবসের অনুষ্ঠানে স্বাধীনতা বিরোধীদের আসতে না দেয়ার বিষয় উঠে আসে।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, রংপুরে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার ঘটনা এবং হামলাকারী কারা তা নিয়ে জোর তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে কাজ শুরু করেছে মিয়ানমার ও বাংলাদেশ।
বেশ কয়েকমাস ধরে নিখোঁজ থাকা বাংলাদেশ জনতা পার্টির দুই নেতাকে হঠাৎ করে গ্রেফতার দেখানোর ঘটনার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এতদিন ওই দুই নেতা গ্রেফতার এড়াতে আত্মগোপন করে ছিলো।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







