বিপিএলের তৃতীয় আসরের উদ্বোধনী ম্যাচে রংপুর রাইডার্সের সামনে ১৮৮ রানের চ্যালেঞ্জিং স্কোর টার্গেট দিয়েছে চিটাগং ভাইকিংস। টস জিতে প্রথম ব্যাট করে ৭ উইকেটে ১৮৭ রান করে তারা।
ইনিংসের শুরুতেই থেকেই দারুণ ব্যাট করে চিটাগং ভাইকিংস। অধিনায়ক তামিম ইকবালের হাফসেঞ্চুরি ও তিলেকারত্মে দিলশানের ১৬ বলে ঝড়ে মাত্র দুই উইকেট হারিয়ে একশ’ রানের বেশি করেছে তারা।
ওপেনিংয়ে ৫২ রানের জুটি গড়ে প্রথম আউট হন দিলশান। আবু জায়েদের বলে আরাফাত সানির হাতে ধরা পড়ার আগে ১৬ বলে ২৯ রান করে তিনি।
লঙ্কান তারকা সাজঘরে ফিরলেও ব্যাট চালাতে থাকেন তামিম। ৩২ বলে ছয়টি চার ও এক ছক্কায় ৫১ রান করে সাকলাইন সজীবে বলে মিসবাহ-উল হকের হাতে ধরা পড়েন তিনি।
তামিম ফেরার পরই ছন্দ হারায় ভাইকিংস। ১১৭/১ থেকে ১১৯/৪ হয়ে যায়। ৩৬ রান করে এনামুল হক বিজয় আউট হওয়ার পরই ফিরে যান জিয়াউর রহমান। মাত্র ২ রান করেন জিয়া।
ভালো করতে পারেননি ফর্মে থাকা জিম্বাবুয়ান অধিনায়ক এলটন চিগুম্বরাও। হিসেবে খাতা খোলার পরই সাকিব আল হাসানের হাতে ধরা পরে জায়েদের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। তবে শেষ দিকে জীবন মেন্ডিসের ১৮ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস চ্যালেঞ্জিং স্কোর এনে দেয় ভাইকিংসকে।
রংপুরের হয়ে সাকলাইন সজীব ৩টি ও আবু জায়েদ ২টি উইকেট নেন।






