হলিউডের প্রখ্যাত কমেডিয়ান, অভিনেতা ও সঙ্গীতব্যক্তিত্ব বিল কসবিকে তিন থেকে দশ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার আদালত। যৌন হেনেস্তার অভিযোগে ৮১ বছর বয়সী এই কমেডিয়ানকে ওই শাস্তি দেয়া হয় বলে জানিয়েছে বিবিসি।
আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করছেন কসবির আইনজীবীরা।
বিচারক কসবিকে ‘সহিংস যৌন শিকারি’ হিসেবেও শ্রেণিভুক্ত করেছেন। ফলে তাকে বাকি জীবন কাউন্সেলিংয়ের মধ্য দিয়ে যেতে হবে এবং যৌন অপরাধী তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হবে বলে জানিয়েছে বিবিসি।
একসময়ের বন্ধু টেম্পল বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রশাসক আন্দ্রে কনস্ট্যান্ডকে মাদকদ্রব্য সেবন করানো ও যৌন হেনস্তার অভিযোগ প্রমাণিত হওয়ার পর এপ্রিলে যৌন হেনস্তার তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত হন কসবি। ২০০৪ সালে কসবির ফিলাডেলফিয়ার বাড়িতে যৌন হেনস্তার ওই ঘটনাগুলো ঘটেছিল। তবে সাজার পর কোনো বিবৃতি দিতে চান নি বিল কসবি।
আদালতের রায় অনুযায়ী, কসবিকে অবশ্যই তিন বছর পেনসিলভানিয়ার কারাগারে থাকতে হবে। তারপর জামিনে মুক্তি পাওয়ার যোগ্য হয়ে উঠবেন তিনি। কিন্তু তারপরও তাকে দশ বছর কারাবাস করতে হতে পারে।
আশির দশকে টেলিভিশনে ‘কসবি শো’ নামে অনুষ্ঠান করে যুক্তরাষ্ট্রে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।








