পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের যৌন হয়রানির ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির নারী সেল। না হলে এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেবেন তারা।
শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেয়া হয়।
ওই ঘটনায় ছবি দেখে ইতোমধ্যেই চারজনকে চিহ্নিত করেছে পুলিশ। জড়িত অন্যদেরও সনাক্ত করে আইনের আওতায় আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপও কামনা করেছে নারী সেল। সমাবেশে নারী সেলের আহ্বায়ক লক্ষী চক্রবর্তী, সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদসহ বক্তারা বলেন, একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠি পহেলা বৈশাখকে ‘অপসংস্কৃতি’ হিসেবে চিহ্নিত করে বাঙ্গালির প্রাণের উৎসবকে ম্লান করে দিতে চাইছে। এরই অংশ হিসেবে পূর্ব পরিকল্পিতভাবে দেশ বিরোধী হায়নারা একই দিনে দেশের বিভিন্ন স্থানে নারীদের ওপর যৌন হয়রানি করেছে।






