সাউথ কোরিয়া-যুক্তরাষ্ট্র যৌথ বার্ষিক সামরিক মহড়ার আগেই নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে কোরীয় উপদ্বীপে। এ উত্তেজনা ছড়ানোর জন্য নর্থ কোরিয়া যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে।
এ মহড়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ওই এলাকায় নতুন করে পরিকল্পিত যুদ্ধের দিকে ঠেলে দেয়ার অভিযোগ তুলেছে নর্থ কোরিয়া। তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও সাউথ আগুনে ঘি ঢালছে।
সাউথ কোরিয়া-যুক্তরাষ্ট্র সামরিক মহড়া এ অঞ্চলে ‘লাগামহীন পারমাণবিক যুদ্ধের’ ক্ষেত্র তৈরি করছে বলে মন্তব্য করেছে নর্থ কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত পত্রিকা রোদং সিনমান। এ মহড়া থেকে সত্যিকারের যুদ্ধ শুরু হতে পারে বলেও হুমকি দেয়া হয়েছে।
নর্থ তার পারমাণবিক অস্ত্রের কর্মসূচি নিয়ে কোনো ধরণের আলোচনার প্রস্তাবও নাকচ করে দিয়েছে।
ওয়াশিংটনের দাবি এই মহড়া শুধুই প্রতিরক্ষার উদ্দেশ্যে প্রস্তুতি হিসেবে করা হয়। তবে পিয়ংইয়াংয়ের দাবি, এটা প্রতিরক্ষা নয়, এটা নর্থ কোরিয়া আক্রমণের প্রস্তুতি।
গত সপ্তাহে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক বিমানঘাঁটি গুয়ামে মিসাইল হামলার হুমকি থেকে সরে আসে নর্থ কোরিয়া। তবে তখনই বলা হয়েছিল, হামলার পরিকল্পনা থেকে আপাতত সরে এলেও যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড চোখেচোখে রাখবে দেশটি।







