বিপিএলের দ্বিতীয় দিনেই শুরু হলো নাটক। যে নাটকীয়তার কারণে দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংস ও সিলেট স্টারসের ম্যাচ শুরু হলো নির্ধারিত সময়ের সোয়া ঘণ্টা পর।
বিলম্ব নাটকের মূল সিলেট দলের দুই ইংলিশ খেলোয়ড় রবি বোপারা ও জোসুয়া কুব। এই দুজনের ব্যাপারে ইংলিশ বোর্ড থেকে এখনো অনাপত্তি পত্র পায়নি বিসিবি। তবু তাদের খেলার অনুমতি দেয় বিসিবি।
অনাপত্তি না থাকায় খেলোয়াড়দের মূল তালিকায় তাদের নাম ছিলো না। আর এই নিয়েই বেকে বসেন চিটাগং অধিনায়ক তামিম ইকবাল। বোপারা-কুবকে ম্যাচে খেলতে না দেয়ার কথা বলেন তিনি।
বিসিবির মিডিয়া কমিটি ও বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ইএসপিএন ক্রিকইনফোকে জানিয়েছেন, সিলেটের দুজন খেলোয়াড়ের বোর্ডের ছাড়পত্র না থাকায় এই জটিলতা সৃষ্টি হয়।
সিলেটের দুই খেলোয়াড়ের ব্যাপারে আপত্তি জানিয়ে চিটাগং অধিনায়ক তামিম ইকবাল টসের জন্য ম্যাচ রেফারির সঙ্গে মাঠে নামে। কিন্তু তিনি অনেকক্ষণ অপেক্ষা করলেও আসতে দেরি করেন সিলেট অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি দুই খেলোয়াড়কে খেলাতে চান।
নির্ধারিত সময়ের ২৫ মিনিট পর মাঠে আসেন মুশফিক। এর পর টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন তিনি। টসের পর ভাইকিংসের দুই ব্যাটসম্যান ওপেন করতে মাঠে নামেন। কিন্তু সিলেট দল প্রস্তত না হওয়ায় খেলা শুরু করা সম্ভব হয় না।
এর পর তামিম ও আকরাম খান বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ও বিসিবির প্রধান নির্বাহী নাজিমউদ্দিনের সঙ্গে আলোচনা করেন। তাতে কি আলোচনা হয়েছে তার জানা যায়নি। এই সময় সিলেটের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করলেও চিটাগংয়ের খেলোয়াড়দের মাঠে দেখা যায়নি। পরে ব্যাপারটির মীমাংসা হয়। ম্যাচে খেলতে পারেননি বোপারা ও কুব।
নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে সিলেট স্টারস। আর চিটাগং ভাইকিংসের এটি দ্বিতীয় ম্যাচ। রোবার আসরের উদ্বোধনী ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ২ উইকেটে হারে ভাইকিংস।







