আজই যে কোনো সময় বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই ম্যাচ টেস্ট সিরিজ অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দিতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ক্রিকেট.কম.এইউ তাদের অনলাইনে এমন খবর প্রকাশ করেছে।
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচ ড্যারেন লেহম্যানও খুব একটা আশা দেখছেন না। তিনি মনে করছেন, যতোই দিন যাচ্ছে বাংলাদেশ সফরের সম্ভাবনা ক্ষীণ হচ্ছে।
মঙ্গলবার বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে দেশে ফিরে যান অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের নিরাপত্তা প্রধান শন ক্যারল। বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়া ও ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স এন্ড ট্রেডের সঙ্গে বৈঠক হয় তার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্য এখনও সিরিজ অনুষ্ঠানে আশা প্রকাশ করে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিচ্ছে।
২৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স এন্ড ট্রেড অস্ট্রেলীয় নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণের ব্যাপারে ‘সিকিউরিটি অ্যালার্ট’ জারি করার পরদিন টেস্ট দলের বাংলাদেশ সফর শুরুর সময় পিছিয়ে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।






