ওয়েলিংটন থেকে: পেসার মোস্তাফিজকে ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফিটনেসে কারণেই তাকে দলে রাখা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচক।
প্রথমে জানা গেল, খেলার জন্য ফিট থাকলেও তাকে নিয়ে কোনো ঝুঁকি নেয়নি বিসিবি। তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ফিট না থাকার কারণেই দলে নেই মোস্তাফিজ।
নান্নু বলেন ‘মোস্তাফিজ টেস্ট খেলার জন্য এখনও ফিট নয়। ফিজিও রিপোর্টে তাকে টেস্ট দলের জন্য আনফিট দেখানো হয়েছে।’
মোস্তাফিজ না থাকায় আস্থা রাখা হয়েছে প্রথম টেস্টের দলের উপরই। পেস বোলিংয়ের দায়িত্ব থাকছেন তাসকিন আহমেদ, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি ও শুভাশিস রায়।
দলের প্রধান নির্বাচক আরও জানিয়েছেন, দ্বিতীয় টেস্টে ইমরুল খেলতে পারবেন না, তার জায়গায় দলে ডাক পেয়েছেন নুরুল হাসান সোহান।
বাংলাদেশ স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান ও শুভাশিষ রায়।







