জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ছিলেন ১৫ ক্রিকেটার। হোম সিরিজে টাইগার স্কোয়াডে ১৫ সদস্য রাখাই নৈমিত্তিক ব্যাপার। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য দলটা ১৩ সদস্যের। কারণটা অবশ্য বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)।
২২ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট। তার একদিন আগে শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির আসর বিসিএল।
বাড়তি দুই ক্রিকেটারকে বিসিএলের প্রথম রাউন্ড খেলার সুযোগ দিতেই ১৩ সদস্যের দল দিয়েছে বিসিবি। এ ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘হোম সিরিজে প্রয়োজন হলে যে কাউকে দলে ডেকে নেওয়া যায়। যেহেতু বিসিএলও শুরু হচ্ছে, তাই আমরা স্কোয়াড ছোট রাখছি। তাতে ওই আসরে (বিসিএল) বাড়তি দুজন খেলোয়াড় পাব।’
১৮-১৯ নভেম্বর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ। মিনহাজুল জানান, প্রস্তুতি ম্যাচ থেকেও সুযোগ মিলতে পারে সিরিজের দ্বিতীয় টেস্টের দলে।
চোট কাটিয়ে চট্টগ্রাম টেস্টের দলে ফিরেছেন বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তবে নতুন করে চোটে পড়ায় দলে নেই তামিম ইকবাল। ঢাকা টেস্টে এ বাঁহাতি ওপেনারের ফেরা মোটামুটি নিশ্চিত।
চট্টগ্রাম টেস্টের দল ছোট হয়ে আসা ও তিন ক্রিকেটার ফেরায় জিম্বাবুয়ের সিরিজের দল থেকে ছিটকে যাওয়াদের তালিকাটা বেশ লম্বা। বাদ পড়েছেন লিটন দাস, আবু জায়েদ রাহি, শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত ও নাজমুল ইসলাম অপু।
জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে নিজের অভিষেক টেস্ট খেলা খালেদ আহমেদ টিকে গেছেন উইন্ডিজ সিরিজে। জিম্বাবুয়ে সিরিজে প্রথম ডাক পাওয়া আরিফুল হক ও মোহাম্মদ মিঠুন রান পাওয়ায় আছেন চট্টগ্রাম টেস্টের দলে।
প্রথম টেস্টের দল: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ এবং নাঈম হাসান।
প্রস্তুতি ম্যাচের দল: রুবেল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, জাকির হোসেন, মিজানুর রহমান, ফজলে মাহমুদ রাব্বি, ইবাদত হোসেন চৌধুরী, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, নাঈম হাসান, শফিউল ইসলাম, রবিউল হক, মোহাম্মদ মিঠুন, রিশাদ আহমেদ।







