হোটেলে অবস্থানকালে এক নারী কর্মীকে যৌন হয়রানির দায়ে সৌদি আরবের একজন কূটনীতিককে সাজা দিয়েছে সিঙ্গাপুরের একটি আদালত। কূটনীতিককে চারটি বেত্রাঘাত ও ২৬ মাসের বেশি কারাদণ্ড দেয়া হয়েছে।
দণ্ডিত কূটনীতিকের নাম বন্দর ইয়াহিয়া আল জাহরানি। ৩৯ বছর বয়সী জাহরানি চীনের রাজধানী বেইজিংয়ে সৌদি আরবের দূতাবাসে কর্মরত।
স্থানীয় সময় শুক্রবার (৩ ফেব্রুয়ারি) মামলার রায় দেয়া হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় সৌদি কূটনীতিককে বেত্রাঘাত করতে আদেশ দেন আদালত। একইসঙ্গে তার বিরুদ্ধে ২৬ মাস ১ সপ্তাহের কারাদণ্ড ঘোষণা করা হয়। তবে তিনি ২০ হাজার ডলার জামানতের ভিত্তিতে জামিন নিতে পারবেন।
তবে নিজেকে নির্দোষ দাবি করে রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন জাহরানি।
২০১৬ সালের আগস্টে পরিবারসহ ছুটি কাটাতে সিঙ্গাপুর যান জাহরানি। এসময় সিঙ্গাপুর সিটির সান্তোসা হোটেলে অবস্থানকালে ২০ বছর বয়সী শিক্ষানবীশ নারী কর্মীকে যৌন হয়রানি করেন। পরে তার বিরুদ্ধে মামলা করেন সেই নারী।
তার বিরুদ্ধে অভিযোগ, হোটেলে ওঠার পর তিনি একটি ভালো রুম চাচ্ছিলেন। কর্তৃপক্ষ একটি রুমের ব্যবস্থা করে দিলে ওই নারী কর্মী তাকে সেটি দেখাতে নিয়ে যান। রুম দেখতে গিয়ে কূটনীতিক ওই তরুণীকে পেছন থেকে জড়িয়ে ধরে গলায় ও গালে চুমু দেন।
সৌদি আর আরবের মতো সিঙ্গাপুরেও পুরুষ অপরাধীদের বেত্রাঘাতের বিধান আছে। যৌন নিপীড়ন, মাদক সংক্রান্ত অপরাধ, দাঙ্গা ও ভাংচুর এবং অবৈধ অভিবাসীদের এ শাস্তি দেয়া হয়।







