আগামী পরশু থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ২০১৫। তবে তার আগে শুক্রবার বিপিএলে জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মাঠে গড়াবে বিপিএলের জমজমাট তৃতীয় আসর।
বিকেল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত রঙিন আলোয় আলোকিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। বিকাল চারটায় শুরু হওয়া কনসার্টের শুরুতেই থাকবে মডেল ও অভিনেত্রী মৌ’র নৃত্য পরিবেশনা।
এরপর বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড চিরকুট ও এলআরবি মঞ্চ মাতাবেন। দুই ব্যান্ডের হাইভোল্টেজ পারফরম্যান্সের পর মঞ্চে আসবেন মমতাজ।
রাত আটটায় বিপিএলের তৃতীয় আসর উদ্বোধন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তারপর চলবে লেজার শো।
এরপরই শুরু হবে ধামাকা। বলিউডের সুপারহিট নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ নাচবেন তার জনপ্রিয় সব গানের তালে। জ্যাকুলিনের পরপর প্রথমবারের মতো ঢাকার মঞ্চে উঠবেন হার্টথ্রব হৃতিক রোশন। বলিউড যেভাবে তার নাচের তালে নেচে উঠে ঠিক একিভাবে আধাঘণ্টা বাংলাদেশী দর্শকদের নাচাবেন তিনি। তাদের সঙ্গে অবশ্য থাকবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে।
মঞ্চে জ্যাকুলিন ফার্নান্দেজ ও হৃতিক রোশনের ধামাকা পারফম্যান্সের পর পোড়ানো হবে আতশবাজি।মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের গেট বিকেল সাড়ে তিনটায় দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের কনসার্টটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।






