প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের আসরে ৫০০ গোল হয়ে গেছে রেকর্ড ১২ বারের ইউরোপ সেরা রিয়াল মাদ্রিদের। শনিবার অনন্য এই মাইলফলকটি গড়েছে জিনেদিন জিদানের দল। আধুনিক যুগে প্রবেশের পর চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে টানা দুটি শিরোপা জেতা একমাত্র দলও এখন লস ব্লাঙ্কোসরা।
কার্ডিফের ফাইনালে ম্যাচের ২০তম মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। সেই গোলটি সিআর সেভেনকে এনে দেয় তিন ফাইনালে গোল করার কীর্তি। আর রিয়ালকে এনে দেয় চ্যাম্পিয়ন্স লিগের ৫০০তম গোল। এরপর আরো তিনটি গোল করেছেন রোনালদো-আসেনসিওরা।
রিয়ালের এই রেকর্ডের অনেক পেছনে পড়ে আছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। বায়ার্ন মিউনিখও অনেক পেছনে। দ্বিতীয় স্থানে থাকা বার্সার গোল সংখ্যা ৪৫৯টি। আর ৪১৫ গোল করে জার্মান জায়ান্ট বায়ার্ন আছে তৃতীয় স্থানে। ম্যানচেস্টার ইউনাইটেড ৩৫০ গোল করে সেখানে চতুর্থ স্থানে।
রোনালদোদের জয়ের দিনে আড়ালে পড়ে গেছেন মেসিও। ফাইনালের আগ পর্যন্ত ১১ গোল নিয়ে সবার উপরে ছিলেন এই বার্সেলোনা তারকা। কিন্তু জুভেন্টাসের বিপক্ষে জোড়া গোল করে তাকে ছাড়িয়ে গেছেন রোনালদো। আসরে পর্তুগিজ তারকার গোল সংখ্যা এখন ১২টি।







