ইউক্রেনে যেকোন সময় হামলা চালাতে পারে রাশিয়া এমন আশঙ্কা করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলোচনার প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলিনিস্কি। তবে রাশিয়া ইউক্রেনে আক্রমণের পরিকল্পনা বাস্তবায়ন করলে অপ্রয়োজনীয় যুদ্ধের জন্য দায়ী হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট।
সময়ের সাথে পাল্লা দিয়ে খারাপ হচ্ছে পরিস্থিতি। যুদ্ধ শুরুর আগে নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে জার্মানি, ফ্রান্স ও অস্ট্রিয়া সরকার। শনিবার তিন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক বিবৃতিতে যত দ্রুত সম্ভব ইউক্রেন ত্যাগ করার আহ্বান জানানো হয়।
ইউক্রেন সীমান্তের কাছাকাছি এবং রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত এলাকায় সেনা মোতায়েন বাড়িয়ে চলেছে রাশিয়া। শনিবার সকালে রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের ছোড়া গোলার আঘাতে প্রাণ হারিয়েছেন ইউক্রেনের এক সেনা। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের প্রস্তুতিও নেওয়া শুরু করেছে রুশ মদদপুষ্ট বিচ্ছিন্নতাবাদীরা।
তবে হামলা এড়াতে বৈঠকের প্রস্তাব দিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া কূটনৈতিকভাবে এ সংকট সমাধানে চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
রাশিয়াকে সীমান্ত উত্তেজনা কমাতে, সেনা প্রত্যাহার ও আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন জি-সেভেনের নেতৃবৃন্দ। এক যৌথ বিবৃতিতে কূটনৈতিক পথে সমাধানে আসার আহ্বান জানায় সংগঠনটি।







